দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো।
শনিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে সামরিক স্থাপনায় নিয়মিত লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে যাচ্ছে রুশ সশস্ত্র বাহিনী।
বিবৃতিতে বিদেশি নাগরিকদের, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের, ইউক্রেনে অবস্থান না করা বা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কতা উপেক্ষা করলে কোনো ধরনের বিরূপ পরিণতির দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাজধানীর অবকাঠামোয় হামলা বাড়িয়েছে রাশিয়া। শনিবারের বিমান হামলায় দ্নিপ্রো নদীর ওপর একটি সেতুতেও আঘাত হানা হয়েছে। শীতের কঠিন মাসগুলো সামনে রেখে হামলার তীব্রতা বাড়ায় কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে বলেছেন, রাশিয়ার ওপর ইউক্রেনের হামলার মূল্য ইউক্রেনকেই দিতে হচ্ছে। মস্কোর বাহিনী দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণসাগরে একে অপরের শস্যবাহী জাহাজে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। একই সময়ে রাশিয়ার তেল শোধনাগারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ইউক্রেনের গোলাবর্ষণের শিকার হচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক নাগরিকও নিহত হচ্ছেন।
তবে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক মানুষ কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
/অ